চাঁপাইনবাবগঞ্জে তেল না পেয়ে পাম্প কর্মীকে মারধর, প্রতিবাদে সড়ক অবরোধ

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেল না পেয়ে পেট্রোল পাম্পের এক কর্মীকে মারধর করেছে উত্তেজিত জনতা। এর প্রতিবাদের স্থানীয়রা প্রায় পৌনে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লাহারপুরে আলী’জ ড্রিম নামের একটি পেট্রোল পাম্পে এ হামলা হয়।

প্রত্যক্ষদর্শী ও পেট্রোল পাম্প কর্তৃপক্ষ জানায়, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কের লাহারপুরে আলী’জ ড্রিম পেট্রোল পাম্পে পুলিশের উপস্থিতিতে রাত সাড়ে ৮টা পর্যন্ত জ্বালানি তেল দেওয়া হয় বিভিন্ন যানবাহনে। পুলিশ চলে গেলে নিরাপত্তাজনিত কারণে তেল বিক্রি বন্ধ করে দেওয়া হয়। এতে উত্তেজিত হয়ে অপেক্ষমান গ্রাহকরা ওই পেট্রোল পাম্পের কর্মী হামিদুর রহমানকে মারধরে করে। এ নিয়ে সেখানে উত্তেজনা দেখা দেয়। পরে মারধরের প্রতিবাদে রাত ১১টার দিকে হামিদুরের আত্মীয়-স্বজন ও এলাকাবাসী চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়ক অবরোধ করেন। রাতে পৌনে ১২ টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পেট্রোল পাম্পের ম্যানেজার আব্দুল আহাদ বলেন, ‘পুলিশ না থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। যে কারণে পুলিশ চলে যাওয়ার পর পাম্পে তেল বিক্রি বন্ধ করে দেওয়া হয়। গ্রাহকদের বলা হয়, পরদিন সকালে আবারও যথারীতি তেল দেওয়া হবে। কিন্তু শুরুতে তারা কিছু না বললেও এক পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং হামিদুরকে মারধর করে।’

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। রাত সাড়ে ১২টা পর্যন্ত পেট্রোল পাম্প কর্তৃপক্ষ থানায় কোনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’