নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার আজিমনগর-ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনের পাটিকাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকাল থেকে ওই নারী আজিমনগর-ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনের পাটিকাবাড়ি এলাকায় ঘোড়াঘুরি করছিলেন। মাঝে মাঝেই রেল লাইনের ওপর বসছিলেন আবার উঠে লাইনের পাশে দাঁড়িয়ে থাকতেন। এরই এক পর্যায়ে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়।
এ বিষয়ে পাবনার ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এক নারীর মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে।
পরে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ শুরু করছে বলেও নিশ্চিত করেন পুলিশের এই কর্মকর্তা।