চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ধান খেত থেকে শরিফা খাতুন নামের ৫ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, সম্পত্তির লোভে ওই শিশুকে তার বোনের স্বামী হত্যার পর ধান খেতে ফেলে দেয়। ঘটনার পর অভিযুক্ত মো. অন্তরকে গ্রেপ্তার করেছে।
আজ রোববার বিকেলে উপজেলার মকরমপুর-নাদেরাবাদ এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শরিফা খাতুন আলীনগর ইউনিয়নের মকরমপুরের শহীদুল ইসলামের মেয়ে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি আরও বলেন, অন্তরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধারণা করা হচ্ছে শ্বশুরের সম্পত্তির অধিক পরিমাণ ভাগ পেতে শ্যালিকা শরিফাকে হত্যা করেছেন তিনি। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। অন্তরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বাড়ি গোমস্তাপুর উপজেলার লালপুরে।