নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে রতন হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বড় বাঘা এলাকায় এই দুর্ঘটনা হয়।
নিহত রতন হোসেন উপজেলার নূরপুর চকপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান জানান, সন্ধ্যার পর বাগাতিপাড়ার তমালতলা বাজার থেকে মোটর সাইকেলযোগে রাজশাহীর বড় বাঘার দিকে যাচ্ছিলেন রতন হোসেন। পথে বড় বাঘা বাজারে পৌঁছানোর আগে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে।
এতে মাথায় গুরুতর আঘাত পান রতন হোসেন। স্থানীয়রা দেখতে পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহটি পুলিশ হেফাজতে নেয়।