চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে বিএসএফকে পুশ-ইনে সহায়তা করার অভিযোগে ৭ বাংলাদেশিকে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাতে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে চারজনকে বিজিবি এবং তিনজনকে পুলিশ আটক করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম।
বিজিবির বরাত দিয়ে ওসি নূরে আলম বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। ওই নারীকে বাংলাদেশে আসতে সহায়তা করেন সাত বাংলাদেশি। তারা সবাই রোকনপুর সীমান্ত সংলগ্ন এলাকার বাসিন্দা। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা ওই পুশ-ইনের ঘটনা প্রতিহত করে এবং ঘটনাস্থল থেকে চার বাংলাদেশিকে আটক করে। এরপর একই দিন দিবাগত রাত ৪টার দিকে বিজিবি তাদের থানায় সোপর্দ করে। পরে পুলিশ আরও তিনজনকে একই অভিযোগে আটক করে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
এদিকে বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, বিএসএফের ৮৮ ব্যাটালিয়য়েনর আওতাধীন ওয়াদা ক্যাম্পের সদস্যরা রাতে নৌকাযোগে এক নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে। বিজিবি টহল দলের তাৎক্ষণিক পদক্ষেপে পুশ-ইন প্রতিহত করা হয়।