চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তের শূন্যরেখায় থাকা নারী-শিশুসহ ২০ জনকে ফেরত নিয়েছে বিএসএফ। শনিবার দুপুরে দুই দেশের পতাকা বৈঠকের পর তাদের ফেরত নেওয়া হয়।
বিজিবি ও স্থানীয়রা জানায়, শুক্রবার ভোর রাতে জেলার শিবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। তাদের মধ্যে চার শিশু ও ১১ জন নারী ছিলেন। খবর পেয়ে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে বাধা দিলে, তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেন।
বিজিবি আরও জানায়, সকাল ৯টার দিকে প্রথম দফায় কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয় এবং বেলা ১১টা ৫০ মিনিটের দিকে তাদেরকে ফিরিয়ে নেয় বিএসএফ। দুপুর ১২টার দিকে দ্বিতীয় দফায় কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক হয়।
বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুশ-ইন ঠেকাতে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি।