জয়পুরহাটে পারিবারিক কলহের জেরে বন্দনা রানী (২৬) নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের স্বজনদের দাবি, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত বন্দনা রানী জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ ঢুলিপাড়া রাজকুমারের স্ত্রী। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী শ্রী রাজকুমারকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার ভোররাতে সদর উপজেলার দূর্গাদহ ঢুলিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের বড় বোন সাধনা বলেন, ‘বিয়ের পর থেকে রাজকুমার একাধিক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। পরকীয়ার জেরে আমার বোনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যার সুষ্ঠ বিচার চাই।’
তবে অভিযোগ অস্বীকার করে রাজকুমারের বাবা শ্রী বাবুল বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, তবে তাকে হত্যা করা হয়নি। সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের স্বামী রাজকুমারকে আটক করা হয়েছে। আর অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।