পাবনায় বাস-অটোভ‍্যান সংঘর্ষে ভ‍্যানচালক নিহত

পাবনার ঈশ্বরদীতে বাস ও অটোভ‍্যানের মুখোমুখি সংঘর্ষে ভ‍্যানের চালকের মৃত‍্যু হয়েছে। সোমবার সন্ধ‍্যা সাড়ে ৭টার দিকে পাবনা-নাটোর মহাসড়কের শেখপাড়া ডুমুরতলা এলাকায় এই দুর্ঘটনা হয়। 

নিহত ভ‍্যানচালক শাহিন হোসেন (২৪) নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাউতা গ্রামের মোহাম্মদ স্বপনের ছেলে। 

এদিকে ঘটনার পর পরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। এসময় বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে বিক্ষুদ্ধ জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান জানান, সারাদিন ভ‍্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন শাহিন হোসেন। এসময় তার ভ‍্যানে কোনো যাত্রী ছিল না। অটোভ‍্যান নিয়ে পাবনার দাশুড়িয়ার দিক থেকে নাটোরের রাজাপুরের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে অটোভ‍্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ভ‍্যান চালক শাহিন হোসেন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনি ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।