লাইট বন্ধ করে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, গ্রামবাসীকে নিয়ে প্রতিহত বিজিবির  

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী– বিএসএফ। তবে গ্রামবাসীকে নিয়ে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করে বর্ডার গার্ড বাংলাদেশ– বিজিবি। 

গতকাল শুক্রবার রাতে সীমান্তে হাজারো মানুষ জড়ো হলে আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়। বিজিবি ও স্থানীয়রা জানায়, রাত পৌনে ১০টার দিকে সীমান্তের ওপারে বিএসএফ হঠাৎ করেই বর্ডার সিকিউরিটি লাইট বন্ধ করে দেয়। এরপর বিএসএফের ক্যাম্পের সদস্যরা ১২ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। 

এরপর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় বিজিবির টহল দল। বিজিবির সতর্ক অবস্থান ও গ্রামবাসীর উপস্থিতিতে ওই ১২ জনকে ফিরিয়ে নেয় বিএসএফ।

ঘটনার পর বিজিবি স্থানীয় গ্রামবাসীকে সঙ্গে নিয়ে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করে। পরে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বিএসএফ ওই ১২ জনকে নিজস্ব যানবাহনে করে ভারতের একটি হোল্ডিং সেন্টারে নিয়ে যায়।