জাল সনদে দীর্ঘ ৪১ বছর শিক্ষকতা, অপসারণ দাবি এলাকাবাসীর

নওগাঁর চকপ্রসাদ মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে দীর্ঘ ৪১ বছর শিক্ষকতা করার অভিযোগ উঠেছে। ওই শিক্ষকের নাম আবুল বাশার মো. আব্দুল কাদের। তিনি নওগাঁ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাজিও। 

আবুল বাশারের অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় নওগাঁ জেলা শিক্ষা অফিসের সামনে মুক্তির মোড়ে স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

এ সময় বক্তারা অভিযোগ করেন, জাল সনদের মাধ্যমে দীর্ঘদিন শিক্ষকতা ও কাজির দায়িত্ব পালন করে তিনি শিক্ষা ব্যবস্থা ও সরকারি নীতিমালাকে প্রশ্নবিদ্ধ করেছেন। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে তাকে শিক্ষকতা ও কাজির পদ থেকে অপসারণসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধন শেষে এলাকাবাসী, অভিভাবক ও সাবেক শিক্ষার্থীরা জেলা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি দেন। শিক্ষা অফিসার অনুপস্থিত থাকায় স্মারকলিপিটি গ্রহণ করেন অফিসের প্রধান সহকারী আরমান আনছারী।