নবজাতকের মৃত্যুর পর অবহেলার অভিযোগ তুলে চিকিৎসককে মারধর 

নাটোরে সদ্য ভুমিষ্ট এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে নাটোর মা ও শিশু সদনের চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুর করেছে রোগীর স্বজনরা। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নাটোর পৌর শহরের আলাইপুর এলাকায় মা ও শিশু সদনে এই ঘটনা হয়। 

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ও নবজাতকের স্বজনরা জানান, আজ সকাল ৭টার দিকে আগদিঘা পশ্চিমপাড়া গ্রামের বাবু হোসেনের অন্তঃস্বত্ত্বা স্ত্রী রুমি বেগমকে নাটোর মা ও শিশু সদনে ভর্তি করা হয়। পরে রুমি বেগমের প্রসব যন্ত্রণা শুরু হলে চিকিৎসক জানান শিশুটি অপরিপক্ক এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় পেটের মধ্যে রয়েছে। পরে দ্রুত স্বাভাবিক প্রসব করানো হয়। ভুমিষ্ট নবজাতকের শরীরে অক্সিজেন সমস্যা থাকায় নাটোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

পরে রোগীর স্বজনরা নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন। এই সংবাদ পেয়ে নবজাতকের স্বজনরা উত্তেজিত হয়ে মা ও শিশু সদনে গিয়ে কর্তব্যরত এক চিকিৎসকের ওপর হামলা করে মারপিটসহ জানালার ও টেবিলের কাঁচ ভাঙচুর করে। 

নবজাতকের বাবা বাবু হোসেন, মা রুমি বেগমসহ স্বজনদের অভিযোগ, চিকিৎসক রোগীকে পরীক্ষা না করেই নার্সকে দিয়ে নরমাল ডেলিভারি করান। ডেলিভারির পর শিশুটি শ্বাস চলছিল। নার্স ইতি মন্ডল অক্সিজেন সার্পোটের জন্য সদর হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে তারা নবজাতককে নিয়ে হাসপাতালে গেলে সেখানকার চিকিৎসক জানান নবজাতককে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা গেছে। 

এ বিষয়ে মা ও শিশু সদনের মেডিকেল অফিসার ডা. মো. মিজানুর রহমান বলেন, নবজাতকের মৃত্যুর বিষয়টি তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ঘটনার তদন্ত করে প্রকৃত কারণ জানা যাবে। তদন্তে যে দোষী হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।