মাদরাসাছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশীর মৃত্যুদণ্ড

জয়পুরহাটে ৭ম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের মামলায় আলম মন্ডল নামে একজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ আবদুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আলম মন্ডল আক্কেলপুর উপজেলার পালশা গ্রামের মৃত কফিল উদ্দিন মন্ডলের ছেলে।

মামলার বিবরণে নারী ও শিশু নির্যাতন দমন আদলতের রাষ্টপক্ষের বিশেষ কৌশলী  রিনাত ফেরদৌসী রিনি জানান, ১৩ বছর বয়সী ওই শিশু স্থানীয় একটি মাদসায় ৭ম শ্রেণিতে পড়াশোনা করত। ২০২৩ সালের ৯ অক্টোবর দুপুর ২টায় মাদরাসা থেকে বাড়িতে এসে কাপড় পরিবর্তন করছিল ওই শিশু। সে সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশি আলম মন্ডল ওই শিশুকে পেছন থেকে জড়িয়ে ধরে খাটের উপর নিয়ে  ধর্ষণ করেন। এসময় মেয়েটি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসলে আসামি পালিয়ে যায়। পরে মেয়েটি পরিবারের সবাইকে ঘটনাটি খুলে বলে এবং মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়। 

এ ঘটনায় একই বছর ১১ অক্টোবর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে  আদালত আজ এই রায় দেন।