নাটোরে বিআরটিসির বাসের চাপায় প্রাণ গেল স্কুল শিক্ষকের 

নাটোরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক স্কুলশিক্ষক রমিজুল করিম নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে নাটোর সদর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় এ দুর্ঘটনা হয়। 

নিহত রমিজুল করিম সিংড়া উপজেলার কলম পুন্ডরী গ্রামের মৃত রজব আলীর ছেলে এবং কলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনায় বাস জব্দ করা হলেও বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ও স্থানীয়রা জানায়, স্কুলশিক্ষক রমিজুল করিম নাটোর শহরের কাজ শেষ করে মোটরসাইকেলে করে  নিজ বাড়ি সিংড়ার কলম পুন্ডরী গ্রামে ফিরছিলেন। পথে নাটোর সদর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় পৌঁছালে নাটোর থেকে বগুড়াগামী যাত্রীবাহী বিআরটিসি বাস চাপা দিয়ে পালিয়ে যায়। এতে বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রমিজুল করিমের মৃত্যু হয়। 

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে যায়।

পরে পুলিশ বিআরটিসি বাসটি জব্দ করলেও বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। বাসে চালক ও হেলপারকে আটক করার জন্য কাজ শুরু করেছে পুলিশ। এ ঘটনায় সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।