নওগাঁয় বাসের চাপায় প্রাণ গেল শিক্ষকের

নওগাঁয় যাত্রীবাহী বাসের চাপায় আ.ত.ম ইউসুফ (৪৫) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শহরের দয়ালের মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

ইউসুফ নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে শিক্ষক ইউসুফ স্কুটি (মোটরসাইকেল) চালিয়ে জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দিকে যাচ্ছিলেন। পথে শহরের দয়ালের মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে রাস্তার মাঝে পড়ে যান ওই শিক্ষক। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বিআরটিসির বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।