থেমে থাকা ট্রাককে অপর ট্রাকের ধাক্কা, মাছ ব্যবসায়ী নিহত

নাটোরের সিংড়ায় থেমে থাকা ট্রাককে পেছন থেকে অপর  একটি ট্রাকের ধাক্কায় আফজাল হোসেন নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আল-আমিন নামে আরও একজন। 

রোববার ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের লালোর ইউনিয়নের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা হয়। 

নিহত আফজাল হোসেন নাটোর পৌরসভার কাঠাল বাড়িয়া মহল্লার আবুল হোসেনের ছেলে। আহত আল আমিন নাটোর সদর উপজেলার ঋষীনওগাঁ গ্রামের ফয়েজ মিয়ার ছেলে। 

নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ইনচার্জ জাকির হোসেন জানান, নাটোর থেকে মাছবাহী একটি মিনি ট্রাক সিংড়া মাছ আড়তে যাচ্ছিল। পথে খেজুরতলা এলাকায় মহাসড়কের পাশে ট্রাকটি থামিয়ে রাখেন চালক। এ সময় অপর একটি ট্রাক থেমে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা মারলে ট্রাকে থাকা মাছ ব্যাবসায়ী আফজাল হোসেনের মৃত্যু হয়। এ সময় আহত হন ট্রাকে থাকা অপর একজন। 

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তবে দুর্ঘটনার পর পেছন থেকে ধাক্কা দেওয়া ট্রাকটি নিয়ে পালিয়ে যান এর চালক। তাকে আটকের জন্য অভিযান চলমান রয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।