জয়পুরহাটে ‘বরেন্দ্র এক্সপ্রেস’ বিকল, উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

জয়পুরহাটের পুরানাপুল এলাকায় চিলাহাটি থেকে রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের কয়েল স্প্রিং ও বডি ভেঙে বিকল হয়ে পড়েছে। এতে উত্তর অঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আজ শনিবার সকালে জয়পুরহাটের পুরানাপুল রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, আজ সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাটের পুরানাপুল রেলগেট এলাকা পার হওয়ার পরপরই হঠাৎ ট্রেনের একটি বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে নিচে নেমে যায়। এতে ট্রেনটি রেললাইনের ওপর আটকে পড়ে।

​ট্রেনের পরিচালক আনোয়ার হোসেন জানান, স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত টের পাওয়ায় একটি ভয়াবহ দুর্ঘটনা থেকে ট্রেন ও যাত্রীরা রক্ষা পেয়েছেন।

​এদিকে আকস্মিক এই বিকলের কারণে পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী ও ঢাকাগামী রুটসহ উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। সাময়িক এই স্থবিরতায় আশেপাশের বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

​উদ্ধার তৎপরতা সম্পর্কে বরেন্দ্র ট্রেনের পরিচালক জানান, ঘটনার পরপরই পার্বতীপুর ও সান্তাহার রেল কর্তৃপক্ষ খবর পেয়ে এরই মধ্যে উদ্ধারকারী ট্রেন ও মেকানিক্যাল বিভাগের জনবল ঘটনাস্থলে পাঠিয়েছেন।  

জয়পুরহাট রেলস্টেশন মাস্টার রফিক চৌধুরী সত্যতা নিশ্চিত করে জানান, আনুমানিক দুই ঘণ্টার মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।