জয়পুরহাটে এক কৃষকের ফলন্ত ৭০০ কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মাত্র এক রাতের ব্যবধানে কেটে ফেলা হয়েছে দেড় বিঘা জমির ৭০০ কলা গাছ।
জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ১ ওয়ার্ডের বাসিন্দা লুৎফর রহমানের ছেলে নূর মোহাম্মদের বাগানের থেকে সব গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতের কোনো এক সময় থোর ও কাঁচা কলার গাছগুলো কেটে ফেলা হয়েছে। এ বিষয়ে আজ বুধবার বিকেলে জয়পুরহাট সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নূর মোহাম্মদ।
এলাকাবাসী জানান, এনজিওসহ বিভিন্ন জনের কাছে প্রায় অর্ধ লক্ষ টাকা ঋণ নিয়ে নূর মোহাম্মদ পাশের গতন শহর গ্রামের মাঠে দেড় বিঘা জমিতে চাষ করেন ৭০০ কলা গাছ। এ অবস্থায় দুর্বৃত্তরা ফলন্ত কলা গাছ কেটে ফেলায় প্রায় দেড় লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন তিনি। ঘটনার বর্ননা দিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।
৩৬ বছর বয়সী কৃষক নূর মোহাম্মদ কান্নায় ভেঙে পড়ে জানান, দীর্ঘদিনের পরিশ্রম আর বুক ভরা আশা নিয়ে দেড় বিঘা জমিতে গড়ে তুলেছিলেন কলা বাগান। অধিকাংশ গাছেই এসেছিল থোর, ঝুলছিল কাঁচা কলা। গত বছর লাভে ছিলেন ৪৫ হাজার টাকা। এ বছর কলার দাম বেশি বলে আরও লাভের আশা ছিল। কিন্তু এক রাতেই শেষ হয়ে গেল তার সব স্বপ্ন।
ঘটনার সত্যতা জানিয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ নুর আলম সিদ্দিক জানান, ভুক্তভোগী কৃষক নূর মোহাম্মদ বিকেলে অভিযোগ দায়ের করার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।