নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪

নাটোরের বড়াইগ্রামে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।

আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাটোর ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহগুলে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

বড়াইগ্রামের বনপাড়া পুলিশ ফাঁড়ির উপ–পরিদর্শক শামিম হোসেন জানান, বরগুনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ট্রাক ও বাসের ৯ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ নাটোর রাজশাহী মেডিকেল পাঠানো হয়।

তিনি জানান, বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। পরে মারা যান আরও চারজন। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। যান চলাচল স্বাভাবিক রয়েছে।   

নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তার হামিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। বাসেটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় ভেতর অংশে আটকে পড়া যাত্রী উদ্ধার কাজ করতে বেগ পেতে হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজন রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।