সম্পত্তির লোভে বৃদ্ধ বোনকে হত্যা, গ্রেপ্তার ৫

নওগাঁর ধামইরহাটে সম্পত্তি, স্বর্ণালংকার ও গৃহপালিত পশুর লোভে আপন বড় বোন হালিমা বেগমকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই ও ভাবির বিরুদ্ধে। এ ঘটনায় ভাই-ভাবিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

বুধবার দুপুরে নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত ১৯ অক্টোবর ধামইরহাট উপজেলার ছিলিমপুর গ্রামের একটি ধানক্ষেতের পাশের বাঁশঝাড় থেকে ৬৫ বছর বয়সী হালিমার মরদেহ উদ্ধার করা হয়। তার কানের লতি কাটা ছিল। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশের দাবি, স্বর্ণালংকার ও গৃহপালিত পশুর লোভের পাশাপাশি এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়া এবং পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। 

তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে নিহতের ছোট ভাই মজনু রহমান ও তার স্ত্রী হোসনে আরাকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। 

এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রশি ও ওড়না জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তার পাঁচজনকে আদালতের মাধ্যমে  পাঠানো হয়েছে।