পাবনায় রাশিয়ানদের কাছে বিক্রি করতে তৈরি হতো মদ, গ্রেপ্তার ২ 

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকদের কাছে বিক্রি করতে বিদেশি মদ তৈরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নতুন হাট ব্র‍্যাক অফিসের পাশের তিনতলা একটি বাসা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় প্রায় ১০০ লিটার বিদেশি মদ ও প্রায় দুই হাজার লিটার জাওয়া ও মদ তৈরির নানা সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযুক্তরা হলেন—রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিক জাভেফ জাফর ও বাসা মালিক মো. উজ্জ্বল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক আব্দুর রহিম বলেন, ‘দীর্ঘদিন ধরেই প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চক্রটি দেশি–বিদেশি মদ তৈরি করে গ্রীন সিটি এলাকায় বিক্রি করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে মদ ও মদ তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান।’