দলীয় পদ পেয়ে সরকারি চাকরি ছাড়ছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

সিরাজগঞ্জ সদর উপজেলার মেছরা ইউনিয়ন ভূমি অফিসে এমএলএসএস পদে কর্মরত সুমন রহমান জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মনোনীত হওয়ার পর চাকরি থেকে ইস্তফার আবেদন করেছেন।

জানা যায়, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মনোনীত হন সুমন রহমান। কিন্তু তিনি সদর উপজেলার মেছরা ইউনিয়ন ভূমি অফিসে এমএলএসএস পদে কর্মরত থাকায় এ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। তাই সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা অনুযায়ী স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দেওয়ার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে সুমন রহমান জানান, তৃণমূল থেকে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে গড়ে উঠেছি। দল যেহেতু আমাকে একটু গুরু দায়িত্ব দিয়েছেন তাই সবকিছুর বিনিময়ে আমার উপর অর্পিত এ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাবো। সেইসাথে জেলার আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রতিটি ইউনিটকে আরও শক্তিশালী করতে নিষ্ঠার সাথে কাজ করে যাবো।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম রাকিবুল হাসান  জানান, সুমন রহমান ২০১৩ সালে ইউনিয়ন ভূমি অফিসের এমএলএসএস পদে যোগদান করেন। তিনি চাকরি থেকে ইস্তফা দেওয়ার জন্য আমার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর আজ একটি আবেদন করেছেন। এটি মঞ্জুরের পর তিনি আর সরকারি কর্মচারী থাকবেন না।

নবগঠিত এ কমিটির সভাপতি জাকিরুল ইসলাম লিমন  বলেন, সুমন সরকারি চাকরি করতেন। এখন দল যেহেতু তাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন তাই সেই দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে তিনি চাকরি থেকে ইস্তফা দেবেন বলে শুনেছি। 

দীর্ঘ ১০ বছর পর সিরাজগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি গত সোমবার (৩১ জুলাই) ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন বাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটির অনুমোদনের কথা জানানো হয়। এতে সভাপতি পদে জাকিরুল ইসলাম লিমন ও সাধারণ সম্পাদক পদে সুমন রহমানের নাম ঘোষণা করা হয়েছে। এর আগে গত ৯ জুলাই জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।