গাইবান্ধায় উপজেলা চেয়ারম্যানের ওপর হামলা 

গাইবান্ধার পরাজিত স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও সাঘাটা উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবীরের ওপর হামলা হয়েছে। অভিযোগ উঠেছে, প্রতিপক্ষের লোকজন এই হামলা চালিয়েছে। গুরুতর আহতাবস্থায় তাঁকে ঢাকায় নেওয়া হয়েছে।

উপজেলার ভরতখালি বাজার এলাকায় আজ সোমবার দুপুরে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর তাঁর মাসহ এক আত্মীয়ের দাফন সম্পন্ন করে বাড়ি ফিরছিলেন। পথে ভরতখালি বাজার এলাকায় তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার পথরোধ করে দুর্বৃত্তরা। এরপর তাঁকে অটোরিকশা থেকে নামিয়ে দেশিয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করে।

পরে এলাকাবাসীর সহায়তায় জাহাঙ্গীরকে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

আহত উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর ও মায়ের অভিযোগ, গাইবান্ধা-৫ আসনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের ফারজানা রাব্বী বুবলির পক্ষে কাজ করায় প্রতিপক্ষ নৌকার সমর্থক ওই এলাকার মোশারফ হোসেন সুইট তাঁর দলবল নিয়ে এই হামলা চালিয়েছে। 

গাইবান্ধা সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক আজমেরী নাহার বলেন, জাহাঙ্গীরের অবস্থা সংকটাপন্ন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল বলেন, বিষয়টি শুনেছি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণে পদক্ষেপ নেওয়া হবে।