লালমনিরহাট সীমান্তে বিএসএফের রাবার বুলেটে আহত ১

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুলালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) রাবার বুলেটের আঘাতে সাইফুল ইসলাম নান্নু (৫০) নামে সাবেক এক ইউপি সদস্য আহত হয়েছেন। আহত সাইফুল ইসলাম নান্নু উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী গ্রামের মৃত গণি মিয়ার ছেলে। তিনি ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আহত ওই ইউপি সদস্যকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর আগে সন্ধ্যায় আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী বড় মালদি সীমান্তের ২১ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী বড় মালদি সীমান্তে ভারতীয় ব্যবসায়ীদের সহায়তায় ভারতীয় গরু পাচার করতে সন্ধ্যার পরে কাঁটাতারের বেড়ার পাশে নিজের পরিচালিত চর্কা (বাঁশ দিয়ে তৈরি) বসাতে যান গরু ব্যবসায়ী সাইফুল ইসলাম নান্নুসহ আরও কয়েকজন। এ সময় বিএসএফ তাঁদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে সাইফুল ইসলাম নান্নু আহত হয়ে পড়ে যান। বাকিরা পালিয়ে এসে স্থানীয় জাওরানী বিজিবি ক্যাম্পের টহল দলকে খবর দিলে তারা নান্নুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করে।

খবর পেয়ে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভেলাবাড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘সাইফুল ইসলাম নান্নু বিএসএফের রাবার বুলেটে আহত হয়েছেন শুনে এসেছি। তিনি আমার ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য।’

আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক বিক্রম চন্দ্র বলেন, ‘আহত সাইফুল ইসলাম নান্নুকে পিঠের নিচে রাবার বুলেটের আঘাত পাওয়া অবস্থায় নিয়ে আসে বিজিবি। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক মোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সীমান্তে বিএসএফের রাবার বুলেটে একজন আহত হয়েছেন।’