অভাবের কারণে দেবরের পরিবর্তে রাস্তার মাটি কাটা কর্মসূচির কাজে গিয়েছিলেন ঠাকুরগাঁওয়ের হরিপুরের বিধবা নারী লতিফা বেগম (৪০)। অতিরিক্ত তাপপ্রবাহের সময় হিট স্ট্রোকে এই নারী শ্রমিকের মৃত্যু হয়।
সোমবার দুপুরে উপজেলার সিংহাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত লতিফা বেগম উপজেলার নারগুন গ্রামের মৃত মোকসেদুলের স্ত্রী। দেবর ইলিয়াস আলীর পরির্বতে ৪০ দিনের কর্মসূচি মাটি কাটার কাজ করছিলেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে বকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের বলেন, ‘অভাবের কারণে ওই নারী তাঁর দেবর ইলিয়াস আলীর পরির্বতে শ্রমিক হিসেবে ৪০ দিনের কর্মসূচির মাটি কাটার কাজ করতে এসেছিলেন। অতিরিক্ত দাবদাহের কারণে হিট স্ট্রোকে জ্ঞান হারালে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’
চেয়ারম্যান আবু তাহের আরও বলেন, ‘এ কর্মসূচির কাজে কারও পরির্বতে কেউ কাজ করতে পারবে না। শ্রমিকদের প্রতিদিন উপস্থিত হাজিরা দিতে হয়। পুরুষের পরির্বতে নারী কীভাবে হাজিরা দিয়ে কাজ করছিল তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে ঠাকুরগাঁও সিভিল সার্জন ডাক্তার নূর নেওয়াজ আহমেদ বলেন, ‘রাস্তার মাটির কাটার কাজ করার সময় অতিরিক্ত তাপপ্রবাহের কারণে লতিফা নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। দ্রুত সময়ে লতিফার মৃত্যু হওয়ায় চিকিৎসার সুযোগ পাওয়া যায়নি। তাপপ্রবাহ থেকে রক্ষার জন্য মানুষকে সচেতন করে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ।’