ধর্ষণের শিকার হয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা, যুবকের মৃত্যুদণ্ড

রংপুরের মিঠাপুকুর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে লাভলু মিয়া ওরফে লয়েট (২৩) নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক মো. মোস্তফা কামাল আসামির উপস্থিতিতে আজ বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।

লাভলু মিয়া ওরফে লয়েট উপজেলার জাফরপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

মামলার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১ সেপ্টেম্বর দুপুরে ওই ছাত্রীকে ধর্ষণ করেন লয়েট। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ৩ সেপ্টেম্বর লয়েটকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার বাদী অভিযোগ করেন, এরপর লয়েটের মা ও বাবা ভুক্তভোগী ওই মেয়ের বাড়িতে গিয়ে তাকে মেরে ফেলার হুমকিসহ অশালীন ভাষায় গালিগালাজ করেন। এমনকি ভুক্তভোগীর নামে নানা রকম কুৎসা রটাতে থাকেন। একপর্যায়ে মানসিক চাপ সহ্য করতে না পেরে ওই বছরের ২৫ সেপ্টেম্বর রাত ৯টার দিকে বিষপান করেন ভুক্তভোগী। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে লয়েটের বাবা মতিয়ার রহমান ও মা লাভলী বেগমকে আসামি করে ৩০ সেপ্টেম্বর আরও একটি মামলা দায়ের করেন। যা এখনও বিচারাধীন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) রফিক হাসনাইন বলেন, ‘রায়ে আসামির মৃত্যুদণ্ড দেওয়ায় আমরা সন্তুষ্ট। দ্রুত রায় কার্যকরের দাবি জানাই।’