স্ত্রীর সহযোগিতায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার স্বামী

রংপুরের মিঠাপুকুরে স্ত্রীর সহযোগিতায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ফুল মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে মিঠাপুকুর উপজেলার বৈরাতীহাট ফাড়ি পুলিশ অভিযুক্ত ফুল মিয়াকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বৈরাতীহাট ফাড়ির পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুজ্জামান।

স্থানীয়রা জানান, অভিযুক্ত ফুল মিয়ার বিরুদ্ধে আগেও বিভিন্ন ঘটনার অভিযোগ রয়েছে। 

মামলা এজহারে জানা যায়, গত ৩১ মে রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাতীহাট এলাকায় ফুল মিয়ার স্ত্রী রিনা বেগম গরুর ওষুধ কেনার কথা বলে ওই কিশোরীকে বাড়ি থেকে ডেকে একটি নির্জন স্থানে নিয়ে আসেন। পরে স্ত্রী রিনার সহযোগিতায় তার স্বামী ওই কিশোরীকে ধর্ষণ করে।

এ ঘটনার সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে পরে ওই স্থান থেকে কিশোরীকে বিভিন্ন রকমের ভয়-ভীতি দেখিয়ে পালিয়ে যায় স্বামী ও স্ত্রী। পরে এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা মিঠাপুকুর থানায় একটি ধর্ষণ মামলা  দায়ের করেন। পরে মামলার সূত্রে ধরে ধর্ষক ফুল মিয়াকে অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করে।

এ বিষয়ে মিঠাপুকুরের বৈরাতীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুজ্জামান জানান, অভিযুক্ত ফুল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার স্ত্রী পলাতক রয়েছে। কবে, তাকেও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।