পার্বতীপুর সাব-রেজিস্ট্রি অফিসে প্রতিদিন কর্মকর্তা, কর্মচারীসহ জমি সংক্রান্ত কাজে দুই শতাধিক মানুষ যাতায়াত করেন। এক দশক আগে এই সাব-রেজিস্ট্রার অফিসকে পরিত্যক্ত ঘোষণা করে গণপূর্ত বিভাগ। তবুও বছরের পর বছর ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে কার্যক্রম। ঝুঁকি এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন এখানে সেবা নিতে আসা ব্যক্তি ও কর্মকর্তারা।
কর্মরতরা জানান, ভবনটি সংস্কার কিংবা অফিস স্থানান্তরে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও, মিলেনি প্রতিকার। যেকোনো মুহূর্তে ভবন ধসের শঙ্কা নিয়েই কাজ করছেন তারা।
ভবনে কাজ করা এক কর্মকর্তা বলেন, ‘দীর্ঘদিন থেকে এটার কোনো সুরাহা হয় না, এইটার কোনো সমাধান পাই না। আমাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়।’
বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঝুঁকি বিবেচনায় তারা দ্রুত পদক্ষেপ নিবেন বলে আশা জেলার রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ।
ভিডিও দেখুন:
ভারপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ বলেন, এ বিষয়ে প্রতিকারের জন্য স্থানীয় পিডাব্লিউডি ও জেলা প্রশাসন বরাবর চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া তাদেরকে ব্যক্তিগতভাবে এবং মৌখিকভাবে অবহিত করা হয়েছে। তারা যদি এ বিষয়ে নজর দেন তাহলে এ সমস্যা দ্রুত সমাধান হবে বলে আমি মনে করি।