কুড়িগ্রামের উলিপুরে বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। আয়শা খাতুন নামের ওই শিশুটির বয়স আড়াই বছর। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ঘটনা নিশ্চিত করে উলিপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আব্বাস উদ্দিন জানান, একটি নৌকায় ২৫ থেকে ২৬ জন যাত্রী সুন্দরগঞ্জ উপজেলার বেলকায় যাচ্ছিলেন। পথে তিস্তা নদীর তীব্র স্রোতে নৌকাটি ডুবে যায়। এতে অন্যরা নদী সাঁতরে উঠতে পারলেও ৭ থেকে ৮ জন নিখোঁজ রয়েছে বলে শোনা যাচ্ছে।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। নৌকাডুবিতে বজরা গ্রামের জয়নালের আড়াই বছরের শিশু সন্তান মারা গেছে। এ ছাড়া স্থানীয়দের কাছ থেকে ৭ থেকে ৮জন নিখোঁজের কথা শুনেছি। তবে আমরা নিশ্চিত নই।’
এদিকে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক সাইদুল আরীফ। তিনি বলেন, ‘এক শিশুর মৃত্যু হয়েছে এটা নিশ্চিত। তবে কয়েকজনের নিখোঁজ হওয়ার বিষয়ে এখনও আমরা নিশ্চিত হতে পারিনি।’