ফুলবাড়ী আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আব্দুল আউয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আব্দুল আউয়াল উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এবং উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোঁচাবাড়ী গ্রামের কছর আলীর ছেলে।

পুলিশ জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন গ্রেপ্তারকৃত আব্দুল আউয়াল। শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পরে গত ৪ আগস্ট হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় করা দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলা দুটির বাদী যথাক্রমে ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তার আওয়ামী লীগের নেতাকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।’