রংপুরে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

শিবির নেতা আশিকুর রহমান হত্যা মামলায় রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম তুহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক। রংপুর মহানগরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার রফিকুল ইসলাম তুহিন মিঠাপুকুর থানায় ও রংপুর কোতয়ালি থানায় দায়ের করা দুটি হত্যা মামলার আসামি। ৫ আগস্ট পরবর্তীতে গ্রেপ্তারের ভয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তিনি মিঠাপুকুর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও রংপুর জেলা পরিষদের সাবেক সদস্য।

এর আগে, চলতি মাসের ৮ মার্চ ১২ বছর পর শিবির নেতা আশিকুর রহমান হত্যার বিচার চেয়ে আওয়ামী লীগের ২২৪ জনসহ আরও অজ্ঞাত ৫০ থেকে ৭০ জনের নামে মামলা করেন নিহতের বাবা আফতাব উদ্দিন। মামলাটি মিঠাপুকুর থানায় দায়ের করেছেন তিনি। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘মিঠাপুকুর থানায় তুহিনের নামে শিবির নেতা আশিকুর রহমান হত্যা মামলা রয়েছে। তাকে সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনগত যে প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে তোলা হবে।’