ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে জামাল উদ্দিন (৩৩) এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার সীমান্তবর্তী রত্নাই বারোশা গ্রামে আজ বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে।

মৃত জামাল উদ্দিন বারোশা গ্রামের নফিল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর রাতে নিজ বাড়িতে জামাল উদ্দিনকে একটি বিষধর সাপ কামড় দেয়। পরে তাঁকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টায় তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও মেডিকেল অফিসার ডা. মো. ফুয়াদ বলেন, সাপে কাটার প্রায় চার ঘণ্টা পর রোগীকে হাসপাতালে আনা হয়। তখন রোগীর অবস্থা আশঙ্কাজনক ছিল। ভ্যাকসিন দেওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। এ কারণে সাপে কাটার সাথে সাথে হাসপাতালে আনা প্রয়োজন।