লালমনিরহাটে সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইন করল বিএসএফ

লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার ভোররাতে পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইন করেছে বিএসএফ।

বুড়িমারী সীমান্তের ৮৩৮ নম্বর পিলারের নিকট দিয়ে তাদের বাংলাদেশে পাঠায় ৯৮ বিএসএফের বিশবাড়ি ক্যাম্পের সদস্যরা। এ সময় বিজিবির টহল দল বাংলাদেশের অভ্যন্তরে মাছিরবাড়ি নামক স্থান থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- মৃত ইমান আলী বিশ্বাসের ছেলে মোশারফ হোসেন, মোশারফ হোসেনের ছেলে মো. রাব্বি, মোহাম্মদ নাহিদ হোসেন, মো. সজিব আলী, মোশারফ হোসেনের স্ত্রী পারভিন বেগম, মৃত ইমান আলীর স্ত্রী কোহিনুর নেছা, মোহাম্মদ রাব্বির স্ত্রী মোছা. বর্ষা ও রাব্বির শিশু সন্তান মোছা. জয়া। তারা সবাই নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের নাগরিক।

তারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করে আসছিল। আটককৃতদের পাটগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আটক ব্যক্তিদের পাটগ্রাম থানায় পুলিশ হেফাজতে রয়েছে।