দিনাজপুরের বিরামপুরে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কোহিনুর বেগম (২৭) নামে এক নারী ও তার দুই মাসের ছেলে রিশাদ নিহত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় বিরামপুর সোনালী ব্যাংক মোড়ে এ দুর্ঘটনা হয়।
স্থানীয়রা জানায়, বিরামপুর উপজেলার ধানঘরা গ্রামের গোলাম রব্বানী মোটরসাইকেলে স্ত্রী কোহিনুর ও ছেলে রিশাদকে নিয়ে বিরামপুরে এসেছিলেন। শহরের সোনালী ব্যাংক মোড়ে রাস্তা পার হচ্ছিল তারা। এ সময় একটি অটোচার্জার মোটরসাইকেলটির সামনে প্রতিবন্ধকতা তৈরি করলে দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
মোটরসাইকেল থেকে মা ও তার কোলে থাকা শিশু সড়কে পড়ে গেলে ট্রাকটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল ইসলাম বলেন, ‘ঘটনার পর ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয় যায়। এ ঘটনায় আইনি কার্যক্রম চলছে।’