গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার হামিন্দপুর (কামারপাড়া) এলাকায় মন্দির নিয়ে দ্বন্দ্বে দুর্গা প্রতিমায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাত ১টায় হামিন্দপুর সর্বজনীন দুর্গা মন্দিরে এ ঘটনা হয়। এতে শারদীয় দুর্গোৎসবের জন্য তৈরি করা দুর্গা প্রতিমার পাশাপাশি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমাও পুড়ে গেছে। ছাই হয়ে গেছে মন্দিরের বিভিন্ন সরঞ্জাম।
পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।
স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মন্দিরের নিয়ন্ত্রণ নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। পূজা উদযাপন নিয়ে বিতর্কের জেরে একটি পক্ষ গত শনিবার দুপুরে মন্দিরের প্রধান দরজায় তালা দেয়। পরে বাধ্য হয়ে মন্দিরের দক্ষিণ পাশে খোলা আকাশের নিচে পূজার প্রতিমা তৈরি করছিলেন কারিগররা। গত ৫–৬ দিন ধরেই এই প্রতিমা তৈরির কাজ চলছিল।
গাইবান্ধা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র সরকার বলেন, ‘দুই পক্ষের বিরোধের জেরে ঘটনাটি ঘটে থাকতে পারে। স্থানীয় কমিটি ও প্রশাসনের সহায়তায় বিষয়টি সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে।’
প্রতিমায় আগুন দেওয়ার ঘটনায় ওই এলাকার হিন্দুদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার দাবি করেছেন তারা।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দীন খন্দকার বলেন, ‘রাতের আঁধারে দুর্বৃত্তরা প্রতিমায় আগুন দিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’