পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, কমেছে দিন-রাতের তাপমাত্রা

পঞ্চগড়ে কমেছে দিন ও রাতের তাপমাত্রা। রোববার থেকে ঘন কুয়াশা নেই। তবে সূর্যের দেখা নেই তিনদিন ধরে। সাথে হিমশীতল বাতাসের কারণে অনুভূত হচ্ছে হাড় কাঁপানো শীত। রাতভর টিপটিপ করে বৃষ্টির মত কুয়াশা ঝরে। সোমবার সকাল ১১টা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। 

সোমবার সকাল ৯টায় রাতের (সর্বনিম্ন) ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি। দিনের (সর্বোচ্চ) তাপমাত্রা ১৭ দশমিক ৮ থেকে কমে রেকর্ড করা হয় ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

দিনভর হালকা কুয়াশার সঙ্গে মেঘাচ্ছন্ন আকাশ আর উত্তর থেকে বয়ে আসা হিমশীতল বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে। হাড় কাঁপানো শীতে দৈনন্দিন আয় কমে গেছে দিনমজুর মানুষের। দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। বিশেষ করে দৈনিক আয় কমেছে রিকশা-ভ্যান ও ইজিবাইক চালকদের। 

জেলা শহরের পুরোনো ক্যাম্প এলাকার ইজিবাইক চালক ফয়জুল ইসলাম বলেন, সারাদিন সূর্যের মুখ দেখা যায় না। খুব বাতাস করছে। এই বাতাসের জন্য কনকনে ঠান্ডা লাগছে। ঠান্ডার জন্য মানুষ বেশি দরকার ছাড়া রিকশায় উঠতে চায় না।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তিনদিন ধরে উত্তরের হিমেল বাতাসের কারণে শীতের প্রকোপ বেড়েছে। দিনের তাপমাত্রা নেমে যাওয়ার ফলে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা কমে ১৭ দশমিক ৮ থেকে ১৬ দশমিক ৭ ডিগ্রি রেকর্ড করা হয়।