লালমনিরহাটে আ. লীগ সমর্থিত ৬১ ইউপি সদস্যের বিএনপিতে যোগদান

লালমনিরহাটের আদিতমারী উপজেলার আটটি ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত ৬১ জন ইউনিয়ন পরিষদ সদস্য (ইউপি মেম্বার) বিএনপিতে যোগ দিয়েছে। বুধবার রাতে জেলা বিএনপির সহ-সভাপতি ও আদিতমারী–কালিগঞ্জ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী রোকন উদ্দিন বাবুলের বাসভবনে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেয়।

নবাগত সদস্যরা ফুলের তোড়া দিয়ে রোকন উদ্দিন বাবুলকে শুভেচ্ছা জানায়। এক গুচ্ছ ধানের শীষ তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেয় তারা। এসময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিল।

যোগদান অনুষ্ঠানে বিএনপির এমপি প্রার্থী রোকন উদ্দিন বাবুল বলেন, ‘বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আদিতমারী ও কালিগঞ্জ উপজেলায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন করতে পারেনি। উন্নয়নের নামে হয়েছে লুটপাট, দুর্নীতি ও স্বজনপ্রীতি, যার খেসারত দিতে হয়েছে সাধারণ মানুষকে।’

রোকন উদ্দিন বাবুল আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে নির্বাচিত হতে পারলে এ অঞ্চলের রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণসহ শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন করা হবে। আজ আপনাদের পাশে পেয়ে আমি গর্বিত ও অনুপ্রাণিত বোধ করছি।’