পঞ্চগড়ে আবারও মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৭.৩ ডিগ্রি

আবারও মাঝারি শৈত্যপ্রবাহের কবলে শীতের জেলা পঞ্চগড়। টানা ছয় দিন ধরে তেঁতুলিয়াসহ আশপাশের এলাকায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। সকাল-সন্ধ্যা ঘনকুয়াশা আর হিমশীতল বাতাসে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের।

রোববার সকাল ৯টায় সর্বনিম্ন (রাতের) তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি। সর্বোচ্চ (দিনের) তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

টানা মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের ফলে দিনভর কুয়াশাচ্ছন্ন থাকছে আকাশ। দুপুরের দিকে কিছু সময়ের জন্য সূর্যের মুখ দেখা গেলেও তাপ ছড়ানোর আগেই আবারও কুয়াশার চাদরে ঢেকে যায় এলাকা। দিনভর হালকা কুয়াশার সাথে হিমশীতল বাতাস থাকে। রাতেও বৃষ্টির মতো টিপটিপ করে কুয়াশা ঝরেছে।

এদিকে সকাল ১১টা পর্যন্ত সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। সন্ধ্যার পর ফাঁকা হয়ে যায় জনবহুল এলাকা। কনকনে শীতে চরম দুর্ভোগ দেখা দেয় খেটে খাওয়ার মানুষের মধ্যে।