নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর প্রচারে সন্ত্রাসবিরোধী মামলার আসামি আ. লীগ নেতা

নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী সিদ্দিুকুল আলমের নির্বাচনী প্রচারে সন্ত্রাসবিরোধী মামলার আসামি আওয়ামী লীগ নেতা ফারুক হোসেনকে নেতৃত্ব দিতে দেখা গেছে। রোববার দুপুরে জাপা প্রার্থী সিদ্দিকুল আলমের ফেসবুক পেজের একটি ভিডিওতে ফারুক হোসেনকে নির্বাচনী প্রচারে দেখা যায়।

ভিডিওটিতে দেখা যায়, জাপা প্রার্থী হেঁটে হেঁটে নির্বাচনী প্রচার–প্রচারণা চালাচ্ছেন। সেখানে সামনের কাতারে সন্ত্রাসবিরোধী মামলার আসামি, নিতাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন ওই প্রার্থীর সঙ্গে হাঁটছেন এবং জনগণকে হাত তুলে ভোট চাচ্ছেন। ফারুক হোসেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কিশোরগঞ্জ থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়র করা একটি মামলার ৩৮ নম্বর আসামি।

উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ্ বলেন, ‘আমরা প্রথম থেকেই লক্ষ্য করছি জাপা প্রার্থীর নির্বাচনী প্রচার–প্রচারণায় আওয়ামী লীগ নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। একটি ভিডিওতে নিতাই ইউপির চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা ও সন্ত্রাসবিরোধী মামলার আসামি ফারুককে জাপা প্রার্থীর নির্বাচনি প্রচারে প্রকাশ্যে দেখা গেছে, যা খুবই উদ্বেগজনক।’

এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। সন্ত্রাসবিরোধী মামলার আসামি নির্বাচনী প্রচারণায় থাকলে তার কপালে তো সে সন্ত্রাসবিরোধী মামলার আসামি সেটি লেখা নেই। তথ্য দিন আমরা তথ্য উপাত্তের ভিত্তিতে গ্রেপ্তার করব।’

উল্লেখ্য, রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগে গত ৪ জুন ২০২৫ তারিখ কিশোরগঞ্জ থানায় ৪৪ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের হয়। সে মামলার ৩৮ নম্বর আসামি ফারুক হোসেন।