হিলিতে আমদানিকৃত চালের দাম কেজিতে ৪-৫ টাকা কমেছে

দেশীয় ধান-চালের সরবরাহের পাশাপাশি ভারতীয় চালের সরবরাহ বাজারে থাকায় হিলি বন্দরে আমদানিকৃত চালের দাম কেজিতে ৪ থেকে ৫ টাকা কমেছে। ব্যবসায়ীরা বলছেন, বাজারে চালের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, যার কারণে আমদানিকৃত চালের চাহিদা কমে গেছে। ফলে কমেছে চালের দামও।    

দেশের চালের বাজার নিয়ন্ত্রনে রাখতে গত ১৮ জানুয়ারী বেসরকারী পর্যায়ে ২ লাখ টন চাল আমদানির অনুমিত দেয় সরকার। এরই ধারাবাহিকতায় ২১ জানুয়ারী থেকে শুরু হয় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি। ২৩২ জন আমদানিকারককে আমদানির অনুমতি দেয় সরকার।

আমদানির শুরুর দিকে প্রতি কেজি সরু জাতের শম্পা চাল ৬৫ থেকে ৬৬ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬২ টাকায়। আর মোটা জাতের স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৪১ থেকে ৪৪ টাকা কেজি দরে।

কাস্টমসের হিসেব অনুযায়ী, ২১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ১৯৯টি ট্রাকে ৮ হাজার ৫০০শ মেট্রিক টন চাল বন্দর দিয়ে আমদানি করা হয়েছে।