গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে বিএনপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর তিন সমর্থককে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তারা গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের জামায়াত প্রার্থী আব্দুল ওয়ারেছ ও স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের সমর্থক বলে জানা গেছে।
আহতদের দাবি, ফুলছড়ি উপজেলার চরকৃষ্ণমনি কেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফেরার পর দুপুর দেড়টার দিকে ফজলুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিলনের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়।
এতে তিন ভাই—হারুন, হাশেম আলী ও আব্দুল হামিদ আহত হন। তাদের মধ্যে হাশেম আলী ও আব্দুল হামিদ গুরুতর আহত হয়েছেন। হারুন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মুঠোফোনে জানান, ঘটনাটি ভোটকেন্দ্রের বাইরে ঘটেছে। এ ঘটনার পর কিছুক্ষণের জন্য ভোটার উপস্থিতি কমে গেলেও পরে ভোটগ্রহণ স্বাভাবিক হয়। এছাড়া উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে।