গাইবান্ধায় পুলিশের পোশাক পরে চালককে মারধর, ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পুলিশের পোশাক পরে এক চালককে মারধর করে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার দুপুরে ভুক্তভোগী চালক অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, মঙ্গলবার সকালে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের বাগদা এলাকার চারাবটগাছ নামক স্থানে এ ঘটনা ঘটে।

ইজিবাইক চালক গোলাম হোসেন পার্শ্ববর্তী দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার সাহেবগঞ্জ চাম্পাতলী গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

গোলাম হোসেন জানান, স্থানীয় ব্যবসায়ী আজিজ মণ্ডলকে সঙ্গে নিয়ে তরমুজ কেনার উদ্দেশ্যে ইজিবাইকযোগে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় যাচ্ছিলেন। পথে চারাবটগাছ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদের পথরোধ করে। এ সময় পুলিশের পোশাক পরিহিত পাঁচজন যুবক গাড়ি থেকে নেমে আসেন।

তারা গোলাম হোসেনকে মারধর করে ইজিবাইকটির নিয়ন্ত্রণ নেয়। পাশাপাশি তরমুজ ব্যবসায়ী আব্দুল আজিজকে মারধর করে তার কাছে থাকা নগদ ৭৫ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেয়। পরে দুর্বৃত্তদের একজন ইজিবাইকটি নিয়ে চলে যায় এবং অপর চারজন চালককে প্রাইভেটকারে তুলে নিয়ে সটকে পড়ে।

পরবর্তীতে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জের কলাবাগান এলাকা থেকে গোলাম হোসেনকে উদ্ধার করেন তার স্বজনরা।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।