গাইবান্ধায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঘর থেকে রজিবা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই গৃজধূর স্বামী সুজা মিয়াকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী পূর্ব-দক্ষিণ পাড়া এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়িতে রজিবা বেগমের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। 

ওসি মোজাম্মেল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।