লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান নামে এক বাংলাদেশি কৃষক গুরুতর আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর সীমান্তের গাডিয়ার ভিটা এলাকায় এ ঘটনা হয়।
আহত মিজানুর পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, আজ সকালে মিজানুর রহমান সীমান্তের পাশে ভুট্টাখেতে ঘাস কাটতে যান। এ সময় ভারতীয় কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার সরকারপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এতে একটি গুলি মিজানের শরীরে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার অবস্থা অবনতি হয়। পরে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘সীমান্তে বিএসএফের গুলিতে একজন আহত হওয়ার খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা পাঠানো হয়েছে।’