লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহানকে ঘিরে একের পর এক বিতর্কিত ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। পাম্পে তেল নিতে আসা এক মোটরসাইকেল চালককে থাপ্পর মারার অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার তার লাঠি হাতে একটি ভিডিও ভাইরাল হয়েছে।
জানা গেছে, গত ২১ এপ্রিল কালীগঞ্জের ভুল্যারহাট এলাকায় অবস্থিত মোজাহার ফিলিং স্টেশনে তাকে লাঠি হাতে তদারকি করতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে তার আক্রমণাত্মক ভঙ্গি ও সাধারণ মানুষের সঙ্গে অপেশাদার আচরণ স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
গত বুধবার বিকেলে চাপারহাট বাজারের লুবানা ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে তেল নিতে আসা নদী নামে এক গ্যারেজ কর্মচারীকে থাপ্পর মারার অভিযোগ ওঠে ইউএনওর বিরুদ্ধে। অসুস্থ এক কলেজ শিক্ষকের ফুয়েল কার্ড ব্যবহার করে তেল নিতে গেলে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
ভুক্তভোগী নদীর দাবি, কোনো ধরনের অপরাধ ছাড়াই তাকে মারধর করা হয়েছে। তিনি জানান, গ্যারেজ মালিকের নির্দেশে একজন অসুস্থ শিক্ষকের কার্ড নিয়ে তেল নিতে গিয়েছিলেন। কিন্তু ইউএনও কোনো কথা না বলেই তাকে চড়-থাপ্পর মারেন।
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ইউএনও শামীমা আক্তার জাহান। তার দাবি, তিনি কাউকে মারেননি; বরং নিয়ম না মানায় মোটরসাইকেলের চাবি জব্দ করেছিলেন। পরবর্তীতে অভিভাবকদের উপস্থিতিতে চাবি ফেরত দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, কালীগঞ্জে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন হাট-বাজার ইজারা ও উন্নয়ন প্রকল্পের অর্থ বণ্টনে স্বজনপ্রীতির অভিযোগ আছে। সাম্প্রতিক ঘটনাগুলো প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে মনে করছেন স্থানীয়রা।
এ ব্যাপারে লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।