গাইবান্ধায় বজ্রপাতে প্রাণ গেল মা-ছেলের

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামের দাসপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ওই এলাকার সনীল চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রানী (৫৫) এবং তাঁর ছেলে সোহাগ চন্দ্র দাস (৩০)।

নিহতদের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাতে ভরতখালী ইউনিয়ন পরিষদের সদস্য শাহীন আলম জানান, সোহাগ ঢাকায় গার্মেন্টসে চাকরি করতেন। তিনি ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। বুধবার সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে বাড়ির পাশের জমিতে শুকাতে দেওয়া গাছের পাতা তুলে আনতে যান তিনি। পরে পাতা তুলতে তার মা-ও সেখানে যান। এ সময় বজ্রপাতে সেখানেই লুটে পড়েন তারা। স্বজনেরা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই মারা যান মা-ছেলে।

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিহতদের পরিবারের সঙ্গে উপজেলা প্রশাসন যোগাযোগ রাখছে। সরকারি নীতিমালা অনুযায়ী তাদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

সবাইকে বৈরী আবহাওয়ার সময় সতর্ক থাকার এবং বজ্রপাতের ঝুঁকি এড়াতে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানান ইউএনও।