কুড়িগ্রামে আগুনে পুড়েছে ১০৫ দোকান

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে একটি বাজারে আগুন লেগে পুড়ে গেছে অন্তত ১০৫টি দোকান। শুক্রবার ভোরে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কাপড় পট্টির একটি দোকান থেকে প্রথমে ধোঁয়া দেখতে পান তারা। এরপর মূহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে যায় ৮৫টি কাপড়ের দোকান এবং ১৫টি ফল, জুতা, প্রসাধনী, বই ও নার্সারির দোকান। 

এছাড়াও ওই মার্কেটে থাকা জাকের পার্টির উপজেলা কার্যালয় পুড়ে গেছে। এ ঘটনায় তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্তদের পুনর্বসানের আশ্বাস দিয়েছে প্রশাসন।