কুড়িগ্রামে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাছবাহী একটি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমলারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন–দুলু মিয়া (২৮) ও তাঁর বাবা সিদ্দিক শেখ (৬০)। তারা কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী বোগমারী পঞ্চগ্রাম এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি মোটরসাইকেলে করে বাবা-ছেলে রেললাইন পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা রাজারহাটগামী মাছবাহী পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুলু মিয়াকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত সিদ্দিক শেখকে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

বিষয়টি নিশ্চিত করে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।