লালমনিরহাটে তিস্তা নদীর পানি কয়েক ঘণ্টা বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর নিচে নেমে এসেছে। তবে উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নদীটির পানি আবারও বৃদ্ধি পেয়ে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে শুক্রবার সকাল ৯ টায় তা কমে বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে নদীর পানি বিপৎসীমার ওপর থেকে নিচে নেমে এসেছে।
পাউবোর কর্মকর্তারা জানান, দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি ভারতের উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি ওঠানামা করছে। ফলে নদীর পানি পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।এ অবস্থায় নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।