নওগাঁ সদর হাসপাতালে মজুত স্যালাইন রোগীদের না দেওয়ার প্রমাণ পেলেন স্বাস্থ্যমন্ত্রী 

নওগাঁ সদর হাসপাতালে মজুদ সত্ত্বেও রোগীদের স্যালাইন না দেওয়াসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার সকালে নওগাঁ সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে নানা অনিয়ম দেখতে পান মন্ত্রী।

এসময় মন্ত্রী রোগী ও রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেন। 

পরে সাংবাদিকদের জানান, হাসপাতালে সরকারি স্যালাইন মজুদ থাকা সত্ত্বেও রোগীকে দেওয়া হচ্ছিল না। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। 

এছাড়াও, দ্বীন মোহাম্মদ সোহেল নামের একজন চিকিৎসক অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়। লাইসেন্সবিহীন ও অনিয়মে জড়িত ক্লিনিকগুলোর বিরুদ্ধে দেশজুড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা অব্যাহত রয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।