দিনাজপুর সীমান্তে ২৮ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর বাধায় ব্যর্থ

দিনাজপুরের বিরামপুর উপজেলার গোবিন্দপুর সীমান্ত দিয়ে ২০ থেকে ২৫ জনকে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কিন্তু বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের বাধার কারণে তারা ভারতে ফিরে যায়। এ ঘটনার পর ওই এলাকা দিয়ে পুশ-ইন ঠেকাতে বিজিবির সঙ্গে গ্রামবাসী সতর্ক অবস্থানে রয়েছে।

গতকাল রোববার রাত ১২টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর বিওপির গোবিন্দপুর সীমান্তের ২৮৯/৪৬ এস পিলার সংলগ্ন এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার মাহাবুর রহমান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মাহাবুর রহমান জানান, রাত ১২টার দিকে ভারত কাঁটাতারের বেড়া অতিক্রম করে বেশ কিছু ভারতীয়কে পুশ-ইনের চেষ্টা করেন বিএসএফের সদস্যরা। এখানে চারজন নারী ও ২৪ জন পুরুষ ছিল। বাংলাদেশে প্রবেশের সময় স্থানীয়রা দেখতে পেয়ে তাদেরকে ধাওয়া দেয়। পরে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

দিনাজপুর সীমান্ত দিয়ে পুশ-ইনের চেষ্টা করেছে বিএসএফ। ছবি: ভিডিও থেকে নেওয় রাতে সীমান্তে গোবিন্দপুর এলাকায় দেখা যায়, সেখানে লাঠি হাতে স্থানীয় পুরুষের পাশাপাশি নারীরাও গ্রামের মোড়ে মোড়ে অবস্থান করছেন। পোস্টের পাশাপাশি বিজিবি সদস্যরা বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছেন।

স্থানীয় দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহাবুর রহমান বলেন, ‘পুশ-ইনের ঘটনা আমরা ঠেকিয়েছি। স্থানীয় গ্রামবাসী আমাদের সহায়তা করেছেন। আমাদের পাশাপাশি গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে টহল দিচ্ছেন। আমরা সতর্ক অবস্থায় আছি।’